তারিখ: ১৬ আগস্ট ২০২৪
স্থান: বায়তুল মোকাররম প্রাঙ্গণ, ঢাকা
আয়োজক: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন
আওয়ামী লীগ সরকারের সময় আটক নিরপরাধ ও বিচারাধীন কারাবন্দীদের মুক্তির দাবিতে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের উদ্যোগে রাজধানীর বায়তুল মোকাররম প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) আয়োজিত এ সমাবেশে সংগঠনের উপদেষ্টা ও দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে বিচারাধীন ও নির্দলীয় বহু ব্যক্তি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। জামিন ও বিচারের ক্ষেত্রে বৈষম্য বন্ধ করে সকল নাগরিকের সমান আইনি অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইসহাক খান, আজহারুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারোয়ার হোসেন প্রমুখ।
সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক মুফতি শফিকুল ইসলাম বলেন, বিচারাধীন সকল নিরপরাধ বন্দীর মামলার দ্রুত নিষ্পত্তি ও ন্যায়ভিত্তিক বিচার নিশ্চিত করতে হবে। তিনি আরও জানান, দাবি বাস্তবায়নের বিষয়ে আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেওয়া হবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।
সমাবেশ থেকে উত্থাপিত ৬ দফা দাবি
১. দুঃশাসনের সময় আটক সকল নিরপরাধ কারাবন্দীর দ্রুত মুক্তি।
২. জামিন ও বিচারের ক্ষেত্রে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন আচরণ নিশ্চিতকরণ।
৩. উদ্দেশ্যমূলক ও মিথ্যা মামলার দ্রুত নিষ্পত্তি।
৪. কারাগারে সকল বন্দীর মৌলিক অধিকার নিশ্চিতকরণ।
৫. পূর্ববর্তী আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ক্ষতিপূরণ প্রদান।
৬. গুম ও ক্রসফায়ার বন্ধ এবং সংশ্লিষ্ট ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা।
সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গঠনতন্ত্র অনুযায়ী শান্তিপূর্ণ ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে।