তারিখ: ১৬ আগস্ট ২০২৪
আয়োজক: বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন
ধরণ: বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের উদ্যোগে রাজধানী ঢাকায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ ও দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, মিথ্যা মামলায় আটক দল-মত নির্বিশেষে সকল নিরপরাধ ও মজলুম কারাবন্দীর বৈষম্যহীন জামিন এবং দ্রুত মামলা নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। আদালতে বিচার ও জামিন প্রক্রিয়ায় বৈষম্য বন্ধ এবং কারাগারে সকল বন্দীর মৌলিক অধিকার বাস্তবায়নের দাবিও জানানো হয়।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে শুরু হয়ে পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, কদম ফোয়ারা ও মৎস্যভবন মোড় অতিক্রম করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।
উত্থাপিত ৬ দফা দাবি
১. মিথ্যা মামলায় আটক সকল নিরপরাধ কারাবন্দীর দ্রুত মুক্তি।
২. জামিন ও বিচারের ক্ষেত্রে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন আচরণ নিশ্চিতকরণ।
৩. উদ্দেশ্যমূলক ও রাজনৈতিকভাবে দায়েরকৃত মামলার দ্রুত নিষ্পত্তি।
৪. কারাগারে সকল বন্দীর মৌলিক মানবাধিকার বাস্তবায়ন।
৫. গুম ও ক্রসফায়ার বন্ধ এবং দায়ীদের বিচার।
৬. আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ক্ষতিপূরণ প্রদান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গঠনতন্ত্র অনুযায়ী শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।